বিশ্বজুড়ে জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘হ্যারি পটার’-এর প্রথম সিনেমা মুক্তির ২৫ বছর পূর্ণ হয়েছে। ২০০১ সালের ১৬ নভেম্বর মুক্তি পাওয়া ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় এই জাদুর জগতের।
ব্রিটিশ লেখক জে কে রোলিংয়ের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র সিরিজটি সময়ের সঙ্গে বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। আটটি সিনেমার সম্মিলিত বিশ্বব্যাপী আয় ৭৭০ কোটি মার্কিন ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ ৬৩ হাজার কোটি টাকা।
প্রথম সিনেমাটি পরিচালনা করেন ক্রিস কলম্বাস। এতে হ্যারি পটারের চরিত্রে অভিনয় করেন ড্যানিয়েল র্যাডক্লিফ, রন উইজলির চরিত্রে রুপার্ট গ্রিন্ট এবং হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রে এমা ওয়াটসন। এই তিন অভিনয়শিল্পী পরবর্তী সময়ে বিশ্বজুড়ে পরিচিতি পান।
সিনেমার গল্পে জাদুবিদ্যার স্কুল হগওয়ার্টস, বন্ধুত্ব, সাহসিকতা এবং ভালো-মন্দের দ্বন্দ্ব দর্শকদের আকৃষ্ট করে। প্রথম সিনেমার সাফল্যের পর ধারাবাহিকভাবে আরও সাতটি সিনেমা নির্মিত হয়। ২০১১ সালে মূল চলচ্চিত্র সিরিজের সমাপ্তি ঘটে।
হ্যারি পটারের জনপ্রিয়তা শুধু সিনেমার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বই, ভিডিও গেম, থিম পার্ক, মঞ্চনাটক ও বিভিন্ন পণ্যের মাধ্যমে এই জাদুর জগৎ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। সিরিজটির বইও বিশ্বে ৬০ কোটির বেশি কপি বিক্রি হয়েছে এবং ৮৫টি ভাষায় অনূদিত হয়েছে।
এদিকে হ্যারি পটারকে কেন্দ্র করে নতুন টেলিভিশন সিরিজ নির্মাণের কাজ করছে এইচবিও। সাতটি বই অবলম্বনে নতুন সিরিজটি নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে হ্যারি, রন ও হারমায়োনির চরিত্রে দেখা যাবে নতুন অভিনয়শিল্পীদের।
২৫ বছর পেরিয়েও হ্যারি পটারকে ঘিরে দর্শকদের আগ্রহ ও জনপ্রিয়তা অব্যাহত রয়েছে। চলচ্চিত্র ইতিহাসে অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজি এখনো বিশ্ব বিনোদনজগতের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে।


