দীর্ঘ প্রতীক্ষা ও নানা পরীক্ষা-নিরীক্ষার পর বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত হয়েছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। সবকিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতে পারে।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কয়েক ঘণ্টার জন্য কেন্দ্রটির প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ সময় সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরীক্ষামূলক সংযোগের পর বিদ্যুৎকেন্দ্রটি আবার গ্রিড থেকে বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার জাতীয় গ্রিডে সংযোগ দেওয়ার প্রাথমিক প্রস্তুতি নেওয়া হলেও কম্পনজনিত কারণে তা পিছিয়ে যায়। পরে কম্পনের মাত্রা নির্ধারিত পর্যায়ে নামিয়ে আনার পর নতুন করে সংযোগের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, গ্রিডে চূড়ান্তভাবে যুক্ত করার আগে প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এ অনুমোদন দেওয়া হবে।
পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা জানান, রিয়্যাক্টর, টারবাইনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সক্ষমতা ও প্রয়োজনীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। তাঁদের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ নভেম্বর চূড়ান্তভাবে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে।
প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটি সক্ষমতার ৩ শতাংশে চালানো হবে। পরে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ৩০ শতাংশে উন্নীত করা হবে। এ পর্যায়ে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। তবে পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে আরও ৭ থেকে ৮ মাস সময় লাগতে পারে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২০৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত এ বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন


