ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট। এর ফলে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস ও ইসরায়েলের চ্যানেল ১২-এর সাংবাদিক বারাক রাভিদ এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন রণতরীটি যুক্ত হওয়ার ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকশ যুদ্ধবিমান এবং প্রায় ২০ হাজার নাবিক ও মেরিন সেনার উপস্থিতি রয়েছে। একই সময়ে তিনটি বিমানবাহী রণতরীর অবস্থানকে ওই অঞ্চলের জন্য অস্বাভাবিক সামরিক উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে।
ইউএসএস থিওডোর রুজভেল্টের আগে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে অবস্থান করছিল। এর পাশাপাশি মার্কিন নৌবাহিনীর তিনটি টাস্কফোর্সও ওই অঞ্চলে রয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায়। জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। টানা ৪০ দিনের সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় জুন মাসে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক অভিযান শুরু হলে ইউএসএস থিওডোর রুজভেল্ট তাতে অংশ নিতে পারে বলে এর আগে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
মধ্যপ্রাচ্যে নতুন এই সামরিক উপস্থিতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আবারও বাড়ার আশঙ্কা তৈরি করেছে। তবে নতুন কোনো সামরিক অভিযান শুরুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।


