গাইবান্ধা: মাঠজুড়ে পাকা ও আধাপাকা আমন ধান। আর কয়েক দিন পরই সোনালি ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন কৃষকরা। কেউ কেউ ধান কাটার পরিকল্পনাও করে ফেলেছিলেন। কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টি। গত রাতের প্রাকৃতিক দুর্যোগে জমিতে নুয়ে পড়েছে আমন ধান। কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে শাকসবজি, মরিচ, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও কলার বাগান। ফসল ঘরে তোলার আগেই এমন ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন জেলার কৃষকরা।
কৃষি বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, জেলার সাত উপজেলায় প্রায় ৩৫০ হেক্টর জমির বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমন ধানের। উৎপাদন খরচ তুলে ঋণ পরিশোধ ও সংসারের খরচ মেটানোর যে প্রত্যাশা ছিল, তা নিয়ে এখন অনিশ্চয়তায় পড়েছেন অনেক কৃষক। গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. তানজিমুল হাসান জানান, বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও শিলাবৃষ্টি হয়। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতও হয়েছে।
এতে প্রাথমিকভাবে ২৪৭ হেক্টর আমন ধান, ১৬ হেক্টর শাকসবজি, ৬৯ হেক্টর গ্রীষ্মকালীন পেঁয়াজ, ১০ হেক্টর মরিচ এবং আট হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। উপজেলাভিত্তিক হিসাবে গাইবান্ধা সদরে ৬২ হেক্টর আমন ধান, ছয় হেক্টর শাকসবজি ও ২৬ হেক্টর গ্রীষ্মকালীন পেঁয়াজের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাদুল্লাপুরে ১৫ হেক্টর আমন ধান ও এক হেক্টর শাকসবজি এবং পলাশবাড়ীতে ৪৫ হেক্টর আমন ধান ও ২০ হেক্টর পেঁয়াজের জমির ক্ষতি হয়েছে। গোবিন্দগঞ্জে নয় হেক্টর আমন ধান, চার হেক্টর শাকসবজি, সাত হেক্টর গ্রীষ্মকালীন পেঁয়াজ ও আট হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে।
সুন্দরগঞ্জে চার হেক্টর আমন ধান, সাঘাটায় ১৬ হেক্টর গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং ফুলছড়িতে ১১২ হেক্টর আমন ধান, পাঁচ হেক্টর শাকসবজি ও ১০ হেক্টর মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলাগুলোর মধ্যে ফুলছড়িতে ফসলের ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি। সাদুল্লাপুর উপজেলার হবিবুল্লাপুর গ্রামের কৃষক ফারুক মোল্লা বলেন, তাঁর জমির আমন ধান আধাপাকা হয়েছে। কয়েক দিনের মধ্যে কিছু জমির ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ঝড় ও শিলাবৃষ্টিতে ধানগাছ মাটিতে পড়ে গেছে। এতে ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন তিনি। এই ক্ষতি কীভাবে সামাল দেবেন, তা বুঝতে পারছেন না।
গাইবান্ধা সদর উপজেলার তালুক মন্দুয়ার গ্রামের কৃষক সৈয়দ আলীর দুশ্চিন্তা আরও বেশি। ধারদেনা করে আমন ধানের আবাদ করেছিলেন তিনি। সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাবদ বড় অঙ্কের টাকা খরচ হয়েছে তাঁর। পরিকল্পনা ছিল ধান বিক্রি করে ঋণ পরিশোধ করবেন।
কিন্তু ফসল ঘরে তোলার আগেই ঝড় ও শিলাবৃষ্টিতে সেই হিসাব এলোমেলো হয়ে গেছে। সৈয়দ আলী বলেন, ধান বিক্রির টাকায় ঋণ পরিশোধের পাশাপাশি পরিবারের খরচ চালানোর আশা ছিল। এখন ফসলের ক্ষতিতে কীভাবে সেই দায় মেটাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেওয়ার দাবি জানান তিনি। এদিকে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন ও কৃষকদের তথ্য সংগ্রহ করছেন কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) সুদর্শন সিকদার জানান, ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসলের অবস্থা সরেজমিনে যাচাই করা হচ্ছে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণে কাজ চলছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. তানজিমুল হাসান বলেন, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে। আগামী রোববার ক্ষতিগ্রস্ত ফসলের চূড়ান্ত হিসাব পাওয়া যাবে। ফসল কাটার মৌসুমে এমন দুর্যোগে কৃষকদের সামনে এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। তাঁদের আশঙ্কা, ক্ষতিগ্রস্ত জমিতে প্রত্যাশিত ফলন না পেলে ধারদেনা ও উৎপাদন খরচ সামলানো কঠিন হয়ে পড়বে।


