গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে আব্দুল্লাহ (৮) ও সামিউল (১৫) নামের দুই কিশোর নিহত হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই। উভয় প্রবাসীর পরিবারে এই অকাল মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার (১৩ নভেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে সাদুল্লাপুর-তুলসীঘাট সড়কের বৈরাগী বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ উপজেলার দক্ষিণ কাজীবাড়ি সন্তলা গ্রামের সৌদি প্রবাসী মো. সাদিকুল আকন্দের ছেলে এবং সামিউল একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. রফিকুল আকন্দের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই দুই কিশোর মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিল। পথিমধ্যে সাদুল্লাপুর-তুলসীঘাট সড়কের বৈরাগী বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং সজোরে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়ে। এতে দুজনই গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে দুই কিশোরের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম হাবিবুর রহমান হাবিব জানান, বৈরাগী বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


