গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বেপারীপাড়া এলাকায় গভীর রাতে এক নারীর বাড়ি থেকে বের হওয়ার সময় এরশাদ আলী (৩৫) নামের এক মাংস ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা। পরকীয়ার অভিযোগে এই আটকের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গিদারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ওই নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন মাংস ব্যবসায়ী এরশাদ।
এরই ধারাবাহিকতায় ১৩ নভেম্বর দিবাগত গভীর রাতে ওই নারীর বাড়িতে প্রবেশ করেন তিনি। বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকাবাসী ও যুবসমাজ একত্রিত হয়ে বাড়িটি ঘেরাও করে। পরবর্তীতে ভেতর থেকে বের হওয়ার সময় এরশাদ আলীকে হাতেনাতে আটক করা হয়। এদিকে আটকের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসেন এরশাদের স্ত্রী।
এলাকাবাসীর সামনে কান্নায় ভেঙে পড়ে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই তার স্বামী ওই নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত রয়েছেন। স্বামীকে এই পথ থেকে ফিরিয়ে আনতে এর আগে তিনি বহুবার আকুতি জানিয়েছেন এবং নানাভাবে চেষ্টা করেও কোনো ফল পাননি।
স্থানীয়দের অভিযোগ, ওই নারীর বাড়িতে প্রায়ই সন্দেহজনক লোকজনের যাতায়াত ছিল এবং সেখানে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো। হাতেনাতে আটকের পর বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের অবহিত করা হয়। পরবর্তীতে সকালে স্থানীয়ভাবে দেনদরবারের মাধ্যমে অভিযুক্ত মাংস ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।


