রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলায় বক্স কালভার্ট নির্মাণের কাজ শুরু করেও মাঝপথে বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্ধারিত সময় পেরিয়ে প্রায় ১৮ মাস অতিবাহিত হলেও শেষ হয়নি নির্মাণকাজ। সড়কের মাঝখানে খোঁড়া গর্তে জমেছে পানি, তৈরি হয়েছে জলাশয়ের মতো। এতে কয়েক হাজার মানুষের চলাচল, কৃষিপণ্য পরিবহন ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের বিজির বাজার এলাকায় সৈকতপাড়া গ্রামের সড়কে এ বক্স কালভার্ট নির্মাণের কাজ চলছে। তিস্তা নদীসংলগ্ন চরাঞ্চলের কয়েক শ পরিবারের মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এটি। বর্ষা মৌসুমে পানি বেড়ে গেলে সড়কটি দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে প্রকল্পটি গ্রহণ করা হয়। ২০২৪ সালের ৬ জুন কাজ শুরু হয়ে ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পার হলেও কাজ শেষ হয়নি। মাঝপথে নির্মাণকাজ বন্ধ হয়ে যাওয়ায় এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কালভার্টটি।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সড়কের মাঝখানে কালভার্ট নির্মাণের জন্য খোঁড়া বড় গর্তে পানি জমে রয়েছে। নিচের ও দুই পাশের কিছু অংশে কংক্রিটের কাজ করা হলেও ওপরের অংশ অসম্পূর্ণ। বিভিন্ন স্থানে কাঠের শাটারিং ও বাঁশের ঠেকনা লাগানো। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় নির্মাণাধীন অংশের কোথাও কোথাও কংক্রিটের ফাঁপা অংশ তৈরি হয়েছে। বেরিয়ে আছে পাথর ও খোয়া। পাশের ধানিজমির পানি সড়কের ভাঙা অংশ দিয়ে গড়িয়ে গর্তে জমে জলাশয়ের সৃষ্টি করেছে। চারপাশে ছড়িয়ে পড়েছে কচুরিপানা ও জলজ উদ্ভিদ।
বর্তমানে পানি কম থাকলেও ভাঙা অংশ পার হতে ভ্যান, মোটরসাইকেলসহ ছোট যানবাহনকে বেগ পেতে হচ্ছে। বর্ষায় পানি বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কালভার্টটির আশপাশে কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বর্ষাকালে শিক্ষার্থীদের হাঁটুপানি পেরিয়ে বিদ্যালয়ে যেতে হয়। এতে শিশুদের দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
এলাকার কৃষকেরা ধান, গম, ভুট্টা, শাকসবজি ও বাদামসহ বিভিন্ন ফসল উৎপাদন করেন। এসব ফসল বাজারে নেওয়ার জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কালভার্টের কাজ অসম্পূর্ণ থাকায় কৃষিপণ্য পরিবহনেও বাধার মুখে পড়ছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দা মো. মকবুল হোসেন বলেন, “কালভার্টের কাজ বন্ধ থাকায় আমরা খুব কষ্টে আছি। আগে কষ্ট হলেও ফসল নিয়ে চাপানী হাটে যাওয়া যেত। এখন কালভার্টের মাঝখানে বড় ফাঁকা থাকায় মালামাল পরিবহন করা কঠিন হয়ে পড়েছে।”
স্থানীয় অটোভ্যানচালক আনোয়ার হোসেন বলেন, “সড়কের ওপর কালভার্টটি নির্মাণ না হওয়ায় ভ্যান নিয়ে চলাচল করতে অনেক কষ্ট হয়। ভাঙা অংশ পার হওয়ার সময় ভ্যানের মোটরের ওপর অতিরিক্ত চাপ পড়ে। অনেক সময় মোটর অতিরিক্ত গরম হয়ে নষ্ট হয়ে যায়। যাত্রী ও মালামাল নিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। মোটর নষ্ট হলে মেরামতে বাড়তি টাকা খরচ করতে হয়। দ্রুত কাজ শেষ হলে আমাদের দুর্ভোগ কমবে।”
পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিজির বাজারে বাবলুর বাড়ির সামনে সৈকতপাড়া গ্রামের সড়কে ৯ দশমিক ৯৬ মিটার দৈর্ঘ্যের বক্স কালভার্ট নির্মাণের জন্য প্রকল্প নেওয়া হয়। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩১ লাখ ৫৫ হাজার ৬৪০ টাকা। চুক্তিমূল্য ২৯ লাখ ৭৯ হাজার ৮৬০ টাকা। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় নীলফামারী সদর উপজেলার কুখাপাড়া, চিনির মোড় এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শিরিন সুলতানা।
ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফুল আলম বলেন, তিনি ডিমলায় যোগদানের আগেই প্রকল্পটির কাজ শুরু হয়েছিল। কার্যালয়ের নথি অনুযায়ী, প্রকল্পটির কাজের অগ্রগতি ৫৫ শতাংশ। ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হবে। প্রয়োজনে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শিরিন সুলতানার প্রতিনিধি নান্টু বলেন, “এটি সরকারি প্রতিষ্ঠানের কাজ। জনগণের কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট দপ্তরে জানাতে হবে। ওই প্রতিষ্ঠানের কাছেই আমাদের জবাবদিহি করতে হয়।” তিনি দাবি করেন, কাজের বিপরীতে তাঁরা এখনো কোনো বিল পাননি। আবহাওয়া অনুকূলে না থাকায় কাজ শেষ করে সংশ্লিষ্ট দপ্তরের কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি। শুষ্ক মৌসুমে কাজ শেষ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, “কাজ করতে অর্থের প্রয়োজন। ফান্ডের ব্যবস্থা হলে আমরা কাজটি শেষ করব।”
তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির বিল না পাওয়ার দাবির সঙ্গে পিআইও কার্যালয়ের তথ্যের অসংগতি রয়েছে। কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্পটির বিপরীতে ঠিকাদার ইতিমধ্যে ৯ লাখ ৮১ হাজার ৫০০ টাকা বিল উত্তোলন করেছেন। ফলে বিল উত্তোলন না করার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির বক্তব্যের সঙ্গে দপ্তরের তথ্যের মিল পাওয়া যায়নি।
ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. তোহিদুল ইসলাম বলেন, প্রকল্পটির কাজ ২০২৪-২৫ অর্থবছরের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হলেও কাজ শেষ হয়নি। এতে এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, “কালভার্টের কাজ বন্ধ থাকায় স্থানীয় মানুষ দুর্ভোগে পড়েছেন। ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


