নিজস্ব প্রতিবেদক: জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনজীবনে স্বস্তি বজায় রাখার লক্ষ্যে নেত্রকোনায় বিশেষ তৎপরতা শুরু করেছে পুলিশ প্রশাসন। সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার ভিত্তিতে জেলার বিভিন্ন প্রান্তে গত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় চলা অভিযানে বর্তমানে রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার সদর ও দুর্গাপুরসহ সাতটি উপজেলায় অভিযান পরিচালিত হয়।
পুলিশ প্রশাসন সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগে থেকেই সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন এবং সমাজে নাশকতা সৃষ্টির মতো গুরুতর অভিযোগের মামলা ছিল। মূলত সেই পুরোনো মামলাগুলোতেই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতেই অভিযান।
অভিযানের সবচেয়ে বড় অংশটি পরিচালিত হয়েছে জেলার সদর উপজেলায়। এ বিষয়ে নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গত এক দিনের টানা অভিযানে সদরের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই থানায় পূর্বের মামলা রয়েছে।
অন্যদিকে, জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরেও পুলিশের শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানিয়েছেন, তার আওতাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর ও দুর্গাপুরের এই ১০ জন ছাড়াও জেলার আরও পাঁচটি উপজেলায় পুলিশের বিশেষ অভিযান সমানতালে চলেছে। এসব এলাকার সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দেওয়া তথ্যানুসারে- পূর্বধলা উপজেলা থেকে যুবলীগের এক নেতা, কলমাকান্দায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতা এবং মোহনগঞ্জ উপজেলা থেকে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বারহাট্টা ও আটপাড়া উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ওয়ার্ড পর্যায়ের দুজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
সব মিলিয়ে সাতটি উপজেলা থেকে গ্রেপ্তার হওয়া ১৫ জন নেতাকর্মীর বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের নিজ নিজ সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত হিসেবে দেখিয়ে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।


