লোকমান হাফিজ, সিলেট সিলেট সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা জোরদারে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হচ্ছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।
তিনি বলেন, সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বৃদ্ধি করা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নজরদারি আরও কঠোর করা হয়েছে। তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দিন-রাত বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত রয়েছে।
রাতে নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এতে দুর্গম ও অন্ধকার এলাকাতেও সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
সীমান্ত সুরক্ষায় সাংবাদিকসহ স্থানীয় মানুষের সহযোগিতা কামনা করে বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় নিষিদ্ধ, বিতর্কিত, অপরিচিত কিংবা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে অথবা সন্দেহজনক কোনো কিছু চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে। স্থানীয় মানুষের সচেতনতা ও সহযোগিতা সীমান্তকে আরও নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি স্পষ্ট করে বলেন, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে প্রবেশ কিংবা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


