নিজস্ব প্রতিবেদক: সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে নিয়মিত কঠোর নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী খারনই ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (৯ নভেম্বর) সকালে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারীর (পিএসসি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্র জানায়, গত রবিবার (০৮ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ খারনই বিওপি’র (বির্ডার অবজারবেশন পোস্ট) একটি টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৭৭/১৪-এস হতে আনুমানিক চারশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার ৬নং খারনই ইউনিয়নের উত্তর খারনই নামক স্থানে ওঁৎ পেতে থাকে টহল দলটি।
পরে সেখানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় উক্ত ভারতীয় মদগুলো জব্দ করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারীরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দকৃত ভারতীয় মদ পরবর্তীতে বিধি মোতাবেক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান রোধ এবং মাদক নির্মূলে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কতৃপক্ষ। দেশের সীমান্ত জনপদে অপরাধমূলক কার্যক্রম দমনে বিজিবির এমন ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়ে আসছে।


