নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহাগীর মিয়া (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক স্থানীয় এক ইউপি সদস্যের ছেলে।
গ্রেপ্তারকৃত মো. শাহাগীর মিয়া মদন দক্ষিণপাড়া গ্রামের মো. রইচ উদ্দিন মেম্বার ও কোহিনূর বেগমের ছেলে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করেছে পুলিশ।
মদন থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এর অংশ হিসেবে গতকাল (সোমবার) মদন থানাধীন সদর ইউনিয়নের মদন দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি চৌকস দল।
অভিযান চলাকালে স্থানীয় রইচ উদ্দিন মেম্বারের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে শাহাগীর মিয়াকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১.৪ গ্রাম ওজনের ১৪ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য পাঁচ হাজার ছয়শো টাকা।
ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম জানান, ‘মাদকের বিরুদ্ধে এলাকায় আমাদের জিরো টলারেন্স নীতি ও সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। ইয়াবাসহ শাহাগীরকে আজ (মঙ্গলবার) দুপুরের দিকে তাকে নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।’
যুবসমাজকে রক্ষা ও এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


