জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আমন ধানখেতে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহার মণ্ডল (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরশুভগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক আজাহার মণ্ডল ওই এলাকার তফিল মণ্ডলের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারসহ ওই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আজাহার মণ্ডল বাড়ির অদূরে নিজের আমন খেতে সেচ দেওয়ার উদ্দেশ্যে যান। বৈদ্যুতিক সেচ পাম্পটি চালু করতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন। তবে জামালপুর নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম ইফতেখার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মূলত হাসপাতালে আনার আগেই আজাহার মণ্ডলের মৃত্যু হয়েছিল।”
বালিজুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাবিবুর রহমান মিস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কৃষিজমিতে সেচ দিতে গিয়ে আজাহার মণ্ডল বিদ্যুৎস্পৃষ্ট হন। উন্নত চিকিৎসার জন্য জামালপুরে নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


