জামালপুর প্রতিনিধি: ‘জুলাই জাগরণ’ ও ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) জামালপুর সফরে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। এই সফর ও পদযাত্রা কর্মসূচি সফল করতে ইতোমধ্যে জেলা এনসিপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে শহরের সরদারপাড়া এলাকায় এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা শাখার নেতৃবৃন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি জামালপুর জেলার সদস্য সচিব ড. মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল ৫টায় জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে এনসিপির পদযাত্রা শুরু হবে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফৌজদারি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই পদযাত্রা শেষ হবে।
তিনি আরও জানান, এই পদযাত্রা ও সমাবেশে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারীসহ দলের প্রায় ২০ জন কেন্দ্রীয় নেতা অংশগ্রহণ করবেন। জেলা এনসিপি আশা করছে, এই সমাবেশে প্রায় পাঁচ হাজার মানুষের স্বতঃস্ফূর্ত সমাগম ঘটবে।
জেলা এনসিপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের আগেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামালপুরে পৌঁছাবেন এবং জেলা পরিষদ ডাকবাংলোতে অবস্থান নেবেন। তাদের দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- দুপুর ১২টায় মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় অবস্থিত জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) গমন এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে বিশেষ আলোচনা সভা। বিকেল ৫টায় জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু। বিকেল ৬টায় ফৌজদারি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ ও নেতাদের বক্তব্য প্রদান।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপি জামালপুর সদর উপজেলার প্রধান সমন্বয়কারী আরাফাত হোসেন শাকিল, সদর উপজেলার দলীয় চেয়ারম্যান প্রার্থী ও এনসিপি নেতা অ্যাডভোকেট আবু সাঈদ মো. শামীমসহ জেলা এনসিপি এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন ও বিশাল জনসমাগমের বিষয়টি মাথায় রেখে স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এ প্রসঙ্গে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, “আগামীকাল এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের জামালপুরে আগমন উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। তাদের নিরাপত্তাসহ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এনসিপির ‘জুলাই জাগরণ’ কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।


