ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রাখতে হবে।
শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষ্যে শুক্রবার মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপে জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এদেশ সবার, তাই পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতার মধ্য দিয়ে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন নিশ্চিতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
আফরোজা খানম বলেন, ঈদ ও পূজা আমাদের সবার উৎসব। আমরা একে অপরের পাশে দাঁড়াব, সহযোগিতা করব এবং সম্প্রীতির এই সুন্দর সম্পর্ক ধরে রাখব।
মন্ত্রী আরও বলেন, অতীতেও মানিকগঞ্জে দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন করতে সম্মিলিতভাবে কাজ করা হয়েছে। আগামী দুর্গাপূজাও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপে প্রতিটিতে জিআর কর্মসূচির আওতায় ছয়শ’ কেজি চাল বিতরণ করা হয়। এছাড়া পৌরসভার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের চারটি সংগঠনকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে খাদ্যমন্ত্রী মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) শহীদুল ইসলাম।


