মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের জালপট্টি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জালসহ দুজনকে আটক করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চকিয়ারচাপুর গ্রামের কাজালীর ছেলে সোহেল আহমেদ (৩২) এবং ট্রাক চালক সবুজ (৪০)। সবুজ পাবনার ভেড়া উপজেলার জগনাথপুর গ্রামের আফজাল শেখের ছেলে।
বৃহস্পতিবার (৭ মে) মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের আজ দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এরআগে, গতকাল (বুধবার) দিবাগত রাত ১২টার দিকে একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুনের নেতৃত্বে পুলিশের একটি পৌর শহরের জালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি মিনি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য সাত লাখ ৯২ হাজার টাকা।
অভিযান পরিচালনাকালে ওসির সাথে ছিলেন উপপরিদর্শক (এসআই) নাজমূস সাকী, এএসআই ইমদাদুল হকসহ সঙ্গীয় ফোর্স।
মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন জানান, নিষিদ্ধ জালের বিরুদ্ধে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

