কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরকারি প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়। এসময় জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ,উপজেলা বিএনপির আহবায়ক পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে আউশ ও খরিপ-১ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকারের বিশেষ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করা হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় ৬,৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক মাথাপিছু ৫ কেজি উচ্চফলনশীল বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাবেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, “কৃষিবান্ধব সরকার কৃষকের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে পাইলট প্রকল্পের আওতায় জেলার জুড়ি উপজেলার কৃষকদের মাঝে কৃষি কার্ড প্রদান করা হবে।
উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য।” উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, “বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে কোনো জমি যেন পতিত না থাকে। কৃষকদের আধুনিক প্রযুক্তিতে চাষাবাদে উৎসাহিত করতে এবং উৎপাদন ব্যয় কমাতে আমরা এই সার ও বীজ বিতরণ করছি।” বিতরণ অনুষ্ঠানে আসা কৃষকরা জানান, চাষাবাদের ঠিক আগ মুহূর্তে বীজ ও সার পাওয়ায় তারা অনেকটা স্বস্তিবোধ করছেন। এতে তাদের উৎপাদন খরচ কমবে এবং আউস আবাদ বৃদ্ধি পাবে।
