হেমন্তের দিন ফুরোতে না ফুরোতেই প্রকৃতিতে জানান দিচ্ছে শীতের আগমনি। আর এই শীতের বার্তার সাথে সাথে চলনবিল পাখির অভয়াশ্রমে পরিণত হয়েছে। দেশীয় এবং পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর এখন চারিদিক। সোনালি ফসলের মাঠের পোকা এবং বিস্তীর্ণ জলাভূমির মাছ, কাঁকড়া আর শামুক পাখিদের প্রিয় খাবার। এসব খাবারের সন্ধানেই চলনবিল এখন পাখিদের প্রিয় বিচরণ ভূমি।
নাটোর, পাবনা, সিরাজগঞ্জ এবং নওগাঁ জেলার ১২টি উপজেলায় বিস্তৃত দেশের সর্ববৃহৎ চলনবিলের আয়তন ছিলো এক হাজার বর্গ কিলোমিটারের বেশি। সংকুচিত হতে হতে বর্তমানে বিলের আয়তন দাঁড়িয়েছে ৩৬০ বর্গকিলোমিটারে। চলনবিলের হৃৎপিণ্ডে নাটোরের সিংড়া উপজেলার অবস্থান।
চলনবিলে দেশীয় প্রজাতির পাখির মধ্যে সাদা বক, পানকৌড়ি, ডাহুক, মাছরাঙা, ঘুঘু পাখি উল্লেখযোগ্য সংখ্যায় দেখা যায়। পরিযায়ী পাখির মধ্যে রয়েছে বালিহাঁস, শামুকখোল, রাজসরালি এবং কাদাখোঁচা।
সবুজ ধানের আবাদি জমি এখন সোনালি বর্ণ ধারণ করেছে। সোনালি ধানের ক্ষেতে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, শীষকাটা পোকা বা পোকাদের লার্ভা পাখিদের খাবার। পাশাপাশি বিস্তীর্ণ জলাভূমিতে এখন পানি কমেছে। জলাধারের মাছ, কাঁকড়া আর শামুক পাখিদের প্রিয় খাবার।
আকাশ জুড়ে পাখিদের দলবেঁধে উড়তে থাকা, আবাদি জমি কিংবা জলাভূমিতে অবাধ বিচরণ প্রকৃতিকে অপার এক পূর্ণতা দিয়েছে। পাখিদের এই সহাবস্থান পাখিপ্রেমীদের মনকে আনন্দে ভরে তুলছে। পাখি ছাড়া চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য যেন অপূর্ণ।
তবে শিকারিদের আক্রমণে মাঝে মধ্যেই প্রাণ দিতে হচ্ছে পাখিদের। সুযোগ সন্ধানী শিকারিরা পাখিদের কণ্ঠ থেকে গান কেড়ে নিচ্ছে। হঠাৎই পাখির কলতান পরিণত হচ্ছে ভয়ার্ত ধ্বনিতে। পাখি শিকারে ব্যবহার করা হয় কারেন্ট জাল এবং বিশেষ ফাঁদ ‘কিল্লাঘর’। এছাড়া এয়ার গানও সীমিত পরিমাণে ব্যবহার করা হয়।
পাখি শিকার রোধ করতে তৎপর উপজেলা প্রশাসন এবং চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় সক্রিয় সংগঠন। স্থানীয় প্রশাসন ও জীববৈচিত্র্য রক্ষাকারী সংগঠন বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। পাখিসহ চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় সক্রিয় সংগঠনগুলো নিয়মিত উঠান বৈঠক, পথসভা, লিফলেট বিতরণ এবং অভিযান পরিচালনা করছে।
সম্প্রতি চলনবিল সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে উদ্ধার করা শত শত পাখি অবমুক্ত করা হয়েছে। শত শত মিটার কারেন্ট জাল আর কিল্লা ফাঁদ জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। শিকারিদের কারাদণ্ড ও আর্থিক দণ্ড প্রদান করা হয়েছে। দুইটি এয়ার গান জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন তিনজন পাখি শিকারিকে একদিনের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা, তিনজনকে দুই মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা, একজনকে সাত হাজার টাকা জরিমানা এবং অপরজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়াও উত্তরের জেলা থেকে আগত নৃ-জনগোষ্ঠীর শিকার করা পাখিদের খাদ্য হিসেবে ব্যবহৃত তিন টন শামুক ও ঝিনুক জব্দ করে চলনবিলে অবমুক্ত করা হয়েছে। তিন শামুক শিকারিকে সাতদিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, চলনবিলের পাখি আবাদি জমি থেকে ক্ষতিকর পোকামাকড় শিকার করে কৃষকের বন্ধু হিসেবে ভূমিকা পালন করে। তাই তাদের মেরে ফেললে কৃষির জন্যই ক্ষতিকর।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বাসস’কে বলেন, এক যুগের বেশি সময় ধরে আমরা পাখিদের সুরক্ষায় কাজ করি। বিলের দুর্গম এলাকায় গিয়ে জনসচেতনতা সৃষ্টি, পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং পাখি শিকারের প্রস্তুতির তথ্য জানালে তথ্যদাতাকে উপহার প্রদান করি। যাতে সাধারণ মানুষও পাখিদের রক্ষায় অনুপ্রাণিত হয়।
চলনবিলের পাখি রক্ষায় প্রশাসনেরও রয়েছে সক্রিয় অবস্থান আর সতর্ক দৃষ্টি। প্রশাসনিক কাজের ফাঁকে ফাঁকে পাখি শিকার রোধে চলছে উদ্বুদ্ধকরণ কার্যক্রম। সম্প্রতি গুলতি হাতে মার্বেল দিয়ে পাখি মারতে নিশানা করছিল স্কুলের কয়েকজন শিক্ষার্থী। সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম শিক্ষার্থীদের বলেন, ‘পাখি আমাদের পরম বন্ধু। তাদের ক্ষতি করলে আমাদেরই ক্ষতি।’ তার কথায় উদ্বুদ্ধ হয়ে সব শিক্ষার্থী গুলতি আর মার্বেল জমা দিয়ে আর কখনো পাখি শিকার না করার অঙ্গীকার করে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বাসস’কে বলেন, পাখির কলতানে মুখর এখন চলনবিল। এই সৌন্দর্য উপভোগ করতে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটছে। পাখিদের সুরক্ষায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সচেতনতামূলক কার্যক্রম এবং অভিযানে প্রশাসন সহযোগিতা করছে। পাখি শিকারিদের আইনের আওতায় আনা হচ্ছে। চলনবিল পাখিদের খাদ্যের প্রাচুর্যময় একটি এলাকা। তাই এখানে পাখিদের অভয়াশ্রম গড়ে তুলতে আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছি।


