লোকমান হাফিজ সিলেট সিলেটে আবাসিক হোটেলে পুলিশের টানা পাঁচ ঘণ্টার অভিযান। আটক সাবেক এমপি বদির ছেলে শাওন আরমান, দুই ভাই ও এক সহযোগী। সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার দুই ভাই আমিনুর রাহমান ও আব্দুস শুক্কুরসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে নগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়। আটক অপর ব্যক্তি হলেন বদির সহযোগী ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাত থেকে গ্র্যান্ড প্যালেস হোটেলটি ঘিরে রাখে পুলিশ। এরপর শুরু হয় হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশি। প্রায় পাঁচ ঘণ্টা ধরে অভিযান পরিচালনার পর চারজনের পরিচয় নিশ্চিত করে ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়।
পরে তাদের কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়। হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৬ জনের একটি দল হোটেলটিতে ওঠেন। অভিযান শেষে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন অবস্থান করছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে রাখা হয়। পরবর্তী সময়ে পুরো হোটেলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে চারজনের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের আটক করা হয়। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।


