কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হলো ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের বিশেষ কর্মশালা। রবিবার(১২ এপ্রিল)কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসের হলরুমে দিনব্যাপী এই আয়োজনে মূল প্রতিপাদ্য ছিল পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার ও উত্তম কৃষি চর্চা। রাসায়নিক কীটনাশকের অতিরিক্ত ব্যবহার যখন মাটির উর্বরতা ও মানবদেহের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই ব্র্যাক কৃষকদের হাতে তুলে দিচ্ছে নিরাপদ বিকল্প।
কর্মশালায় আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে কীভাবে ক্ষতিকারক পোকা দমন করা যায় এবং মাটির স্বাস্থ্য রক্ষা করে অধিক ফলন নিশ্চিত করা সম্ভব, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়, কৃষি সম্প্রসারণ অফিসার সন্দীপনা সরকার, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ হবিগঞ্জ রিজিওনের রিজিওনাল ম্যানেজার মোঃ আনিছুর রহমান, সিলেট জেলার টেরিটোরি অফিসার শাওন হাওলাদার, পিডিএস অফিসার মোঃ রুহুল আমিন, ব্র্যাক সিডের কমলগঞ্জ উপজেলার বীজ ডিলার প্রনয় পাল প্রমূখ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ে ছিলেন মৌলভীবাজার জেলার টেরিটোরি অফিসার কৃষিবিদ আবুল কাশেম শাহরিয়ার। এই কর্মশালার অন্যতম প্রাণশক্তি ছিল উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশতাধিক মডেল কৃষক ও কৃষাণী। কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার, জয়ন্ত কুমার রায় বলেন, “নিরাপদ খাদ্য উৎপাদন এখন সময়ের দাবি। ব্র্যাকের এই উদ্যোগ আমাদের কৃষকদের আধুনিক ও সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
