নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে একটি বাড়ির রান্নাঘর থেকে ২০ কেজি অবৈধ গাঁজাসহ মো. রফিকুল ইসলাম (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রান্নাঘরে থাকা একটি সিমেন্টের বস্তার ভেতর অভিনব কায়দায় এসব মাদক লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২টায় র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে টাঙ্গাইল জেলার মধুপুর থানার আটাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল। অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে ওই এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলামকে আটক করা হয়।
পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে রফিকুল ইসলামের নিজ হেফাজতে গাঁজা থাকার বিষয়টি স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ির রান্নাঘরে রাখা একটি সিমেন্টের বস্তার ভেতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত তার একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রফিকুল স্বীকার করেছে, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করতেন এবং তা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখতেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টাঙ্গাইলের মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
