নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নেত্রকোনা-০৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী। এ সময় তিনি সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছে দিতে এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কেন্দুয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘জনগণের বিপুল প্রত্যাশা পূরণে প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। আমাদের প্রধান লক্ষ্য হলো প্রতিটি সরকারি সেবা দ্রুত ও সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া।’
আটপাড়া ও কেন্দুয়া অঞ্চলের সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরে সংসদ সদস্য আরও জানান, এই দুই উপজেলার জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের বিদ্যমান সমস্যা, চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে এমপির সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
