নিজস্ব প্রতিবেদক: প্রকৃতির খেয়ালি আচরণের সঙ্গে হাওরবাসীর বসবাস যুগ যুগ ধরে। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের তীব্র অভিঘাতে হাওরের সেই চিরচেনা প্রকৃতি হয়ে উঠেছে আরও রুদ্র ও বৈরী। কখনো চৈত্র-বৈশাখের খরতাপে ফেটে চৌচির হচ্ছে ফসলি মাঠ, কখনো আগাম বন্যায় বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের সোনালি ধান। আবার বর্ষায় ‘আফাল’ বা উত্তাল ঢেউয়ের আঘাতে বিলীন হচ্ছে বসতভিটা। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি কৃষি উপকরণের চড়া দাম, বীজ ও সেচ সংকট এবং ফসলের ন্যায্যমূল্য না পাওয়ার মতো বহুমুখী সংকটে দিশেহারা নেত্রকোনার মদন উপজেলার প্রান্তিক কৃষকেরা।
তবে শত প্রতিকূলতার মাঝেও হাল ছাড়েননি তারা। নিজেদের চিরায়ত লোকায়ত জ্ঞান আর পরিবেশবান্ধব কৃষিপ্রতিবেশবিদ্যা বা ‘এগ্রোইকোলজি’র ওপর ভর করে ঘুরে দাঁড়ানোর নতুন পথ তৈরি করছেন এই জনপদের শ্রমজীবী মানুষ। হাওরপাড়ের কৃষক-কৃষানিদের সংগ্রাম ও অভিযোজন কৌশলকে আরও শানিত করতে উপজেলার গোবিন্দশ্রী ভূঁইয়াহাটি এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে এবং দাতা সংস্থা অক্সফামের সহযোগিতায় আয়োজিত ‘এগ্রোইকোলজি ও স্থানীয় নেতৃত্বে হাওর অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’টি গত বুধবার শুরু হয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শেষ হয়।
কর্মশালায় গোবিন্দশ্রী ও মদন ইউনিয়নের কুলিয়াটি, উচিতপুর, পশ্চিমপাড়া, বারঘরিয়া, ভূঁইয়াহাটি ও খালাসিপাড়া গ্রামের ২৫ জন কৃষক, কৃষানি ও কৃষি প্রতিবেশবিদ্যা দলের যুব সদস্য অংশ নেন। কর্মশালার খোলামেলা আলোচনায় উঠে আসে হাওরবাসীর প্রতিদিনের জীবনসংগ্রামের এক করুণ অথচ বাস্তব চিত্র।
অংশগ্রহণকারীরা জানান, পাহাড়ি ঢল, বজ্রপাত, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, ঘন কুয়াশা ও তীব্র শৈত্যপ্রবাহের মতো প্রাকৃতিক দুর্যোগ এখন নিত্যসঙ্গী। আগাম বন্যা ও ফসলরক্ষা বাঁধ ভেঙে ফসলের ক্ষতির পাশাপাশি এখন বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় জাতের বীজের অভাব। বর্ষায় চারদিক পানিতে থইথই করায় শাকসবজির জন্য পুরোপুরি বাজারের ওপর নির্ভর করতে হয়। ঢেউয়ের তোড়ে যেমন বসতভিটা ভাঙছে, তেমনি বসতভিটায় জায়গার স্বল্পতা ও গবাদিপশুর চারণভূমির সংকটও প্রকট আকার ধারণ করেছে। অন্যদিকে তাপদাহ, তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশায় ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। রোগবালাই ও পোকার আক্রমণ বেড়ে যাওয়ায় জমিতে বিষের অবাধ ব্যবহার বাড়ছে, আর শুষ্ক মৌসুমে দেখা দিচ্ছে সেচের পানির তীব্র সংকট।
সমস্যার তালিকা দীর্ঘ হলেও কর্মশালায় অংশগ্রহণকারী কৃষক-কৃষানিরা দুটি দলে বিভক্ত হয়ে সংকট মোকাবিলায় নিজেদের স্থানীয় ও পরীক্ষিত অভিযোজন কৌশলগুলো তুলে ধরেন। আলোচনায় উঠে আসে, শুষ্ক মৌসুমে সেচের সংকট কাটাতে কৃষকেরা এখন ডোবায় পানি সংরক্ষণ করে চৈত্র-বৈশাখ মাসে জমিতে সেচ দিচ্ছেন। রাসায়নিক সার ও বিষের ক্ষতিকর প্রভাব এড়াতে স্বল্প পরিসরে হলেও গোবর সার, কেঁচো কম্পোস্ট এবং নিজস্ব পদ্ধতিতে তৈরি জৈব বালাইনাশক ব্যবহারের চর্চা শুরু হয়েছে।
বর্ষার উত্তাল ঢেউ বা আফালের কবল থেকে বসতভিটা বাঁচাতে বাড়ির চারপাশে ভেন্নাগাছ, উজাওরি, মুর্তাগাছ, কচুরিপানা ও হিজল-করচ রোপণ করছেন তাঁরা। শুধু তা-ই নয়, পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে অনেকেই নিজ বাড়িতে সবজির বীজ সংরক্ষণ করছেন। বর্ষাকালে সবজির অভাব মেটাতে বসতভিটার স্বল্প পরিসরে বস্তা পদ্ধতি, টাওয়ার পদ্ধতি এবং ঘরের চাল ব্যবহার করে শাকসবজি উৎপাদন করছেন কৃষানিরা। পাশাপাশি প্রতিকূল আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে স্থানান্তর পদ্ধতিতে চারার বীজতলা তৈরির কৌশলও কাজে লাগানো হচ্ছে।
ভূঁইয়াহাটি এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক কৃষানি সালমা আক্তারের সভাপতিত্বে এবং ফিল্ড ফ্যাসিলিটেটর আ. রবের সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দ শাকুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম রব্বানি।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান ও সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী শংকর ম্রং অংশগ্রহণকারীদের সঙ্গে আবহাওয়া, জলবায়ু পরিবর্তন, হাওরের দুর্যোগ ও বিপদাপন্নতা, স্থানীয় বীজ, জলবায়ু ন্যায্যতা, খাদ্য সার্বভৌমত্ব, প্রাকৃতিক বৈচিত্র্য, নিরাপদ খাদ্য এবং জননেতৃত্ব ও উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারী কৃষক-কৃষানিরা নিজ নিজ বাড়িতে কৃষি প্রতিবেশবিদ্যা চর্চা সম্প্রসারণের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেন। জলবায়ু পরিবর্তনের এই কঠিন সময়ে স্থানীয় নেতৃত্ব আর প্রকৃতিনির্ভর অভিযোজন কৌশলই যে হাওরবাসীর টিকে থাকার মূল ভরসা, দুই দিনের এই আয়োজন যেন সেই বার্তাই স্পষ্ট করে দিল।


