মনিরুজ্জামান খান, গাইবান্ধা:
“মানবিকতার পরিচয়ই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব”—এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা ৮নং মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘মাদার অব ডেমোক্রেসি স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর একটি ম্যাচে দারুণ এক মানবিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আজ টুর্নামেন্টের খেলায় ‘ভাই ভাই টাইটান্স’ ও ‘দুবাই প্রবাসী আব্দুর রাজ্জাক ফুটবল একাডেমির’ মুখোমুখি লড়াই চলাকালীন এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে।
খেলার এক পর্যায়ে দুবাই প্রবাসী আব্দুর রাজ্জাক ফুটবল একাডেমির কৃতি খেলোয়াড় শ্রী অর্পণ গুরুতরভাবে পায়ে আঘাত পান এবং তাঁর পা ভেঙে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই মনোহরপুর ইউনিয়ন ছাত্রদল ও টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্যরা দ্রুত তাঁর পাশে এসে দাঁড়ান। এবং গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
তাঁরা মাঠ থেকে খেলোয়াড়কে দ্রুত হাসপাতালে নিয়ে যান এবং উন্নত চিকিৎসার সার্বিক ব্যবস্থা করেন। এছাড়া তাঁর চিকিৎসার পুরো সময়জুড়ে তারা নিয়মিত খোঁজখবর রাখছেন এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করে যাচ্ছেন।
আয়োজক কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দ জানান, খেলাধুলা কেবল জয়-পরাজয়ের হিসাব বা বিনোদনের মাধ্যম নয়; বরং পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিকতার বন্ধন সুদৃঢ় করাই খেলাধুলার প্রকৃত শিক্ষা। এদিকে, আহত খেলোয়াড় শ্রী অর্পণের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে বিশেষ দোয়া কামনা করেছেন মনোহরপুর ইউনিয়ন ছাত্রদল এবং টুর্নামেন্ট আয়োজক কমিটির সকল সদস্য।


