নিজস্ব প্রতিবেদক: মাদকের ভয়াল থাবা থেকে সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় নেত্রকোনার পূর্বধলায় এক কঠোর অথচ সুদূরপ্রসারী পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। নেশার অন্ধকার জগৎ থেকে বিপথগামীদের স্বাভাবিক ও সুস্থ জীবনে ফিরিয়ে আনার সতর্কবার্তা হিসেবে সোমবার (২ নভেম্বর) মো. জামাল মিয়া (৩৫) নামের এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত জামাল মিয়া উপজেলার কালিহরকান্দা এলাকার ভিকুনিয়া গ্রামের মৃত শহীদ আলী ও আনোয়ারা বেগমের ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বেলা সোয়া ১২টার দিকে জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকের বিস্তার ঠেকাতে পুলিশের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় জামাল মিয়াকে মদ্যপ অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজাও উদ্ধার করে পুলিশ।
পরবর্তীতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সার্বিক নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ। তিনি সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে জামাল মিয়াকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও পাঁচ দিনের সাজা ভোগ করতে হবে। শুধু শাস্তি প্রদানই নয়, বরং পথভ্রষ্টদের সুস্থ জীবনে ফেরাতে ও সচেতন সমাজ বিনির্মাণে প্রশাসনের এমন উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।


