নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কথা, কবিতা ও সুরের মূর্ছনার মধ্য দিয়ে স্মরণ করা হলো বাংলাদেশের জাতীয় ও কালোত্তীর্ণ কবি কাজী নজরুল ইসলামকে। রবিবার (৩০ আগস্ট) উপজেলার বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে অবস্থিত ‘নজরুল অধ্যয়ন কেন্দ্র’ এই স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত। জলসিঁড়ি পাঠকেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে এবং নজরুল অধ্যয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায় আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ও অধ্যক্ষ শহীদ খান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, এস এম রফিকুল ইসলাম, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা, কবি লোকান্ত শাওন এবং কবি জীবন চক্রবর্তী।
আলোচনা পর্বে বক্তারা জাতীয় কবির জীবন, কর্ম ও দর্শনের নানা দিক নিয়ে সারগর্ভ আলোচনা করেন। আলোচকরা বলেন, “নজরুল কেবল বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার এক মূর্ত প্রতীক।”
বক্তারা আরও বলেন, “নজরুল ছিলেন শোষণ, বৈষম্য, অন্যায় ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার এক অকুতোভয় কণ্ঠস্বর। তাঁর অমর সৃষ্টি যুগে যুগে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রেরণা জোগায়।” বর্তমান প্রজন্মের কাছে কবির আদর্শ তুলে ধরার আহ্বান জানিয়ে তারা বলেন, “নজরুলের সাহিত্য ও দর্শনের সঙ্গে পরিচিত হলে দেশপ্রেম, মানবিকতা এবং অসাম্প্রদায়িক চেতনা বিকশিত হয়, যা একটি সুস্থ সমাজ গঠনে অপরিহার্য।”
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়। এতে নজরুলের অমর সৃষ্টি থেকে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী দিলীপ ঘোষ এবং অর্পিতা দাস। এছাড়া কবির কবিতা থেকে সুমধুর আবৃত্তি করে শোনান ধনেশ পত্রনবীশ। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, সংস্কৃতিপ্রেমী ও নজরুল ভক্তরা উপস্থিত ছিলেন।


