রুহুল আমিন, ডিমলা (নীলফামারী)
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন উপলক্ষে নীলফামারীর ডিমলায় দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষাবিদরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও সংগীতে সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িকতার যে বার্তা রয়েছে, তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের নজরুলের জীবন, সাহিত্য ও আদর্শের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


