জামালপুর প্রতিনিধি: জামালপুরে শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে জামালপুর জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
সকালে শহরের ফৌজদারি মোড় থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে শিশুশ্রম প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মো. ইউসুফ আলী।
এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বাগত সাহা, বিশিষ্ট মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের শিশুরাই দেশের আগামীর ভবিষ্যৎ। তাদের কাঁধে জীবনের শুরুতেই উপার্জনের ভারী বোঝা চাপিয়ে দেওয়া চরম অবিচার। শিশুশ্রম প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিশুদের শুধুমাত্র প্রথাগত শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, তাদের প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। শিশুদের মেধা ও মননের যথাযথ বিকাশ ঘটাতে পারলেই আগামীর সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব হবে।



