কেন্দুয়া প্রতিনিধি: মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে নেত্রকোনার কেন্দুয়ায় প্রতিবাদী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ১১টায় কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের ওষুধ শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই খাতে কর্মরত প্রায় তিন লক্ষাধিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত হওয়া সত্ত্বেও মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে প্রায়ই ‘দালাল’ বলে অবমাননাকর সম্বোধনের শিকার হন। এ ধরনের আচরণ তাদের সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করছে।
ফারিয়া নেতৃবৃন্দ বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা চিকিৎসকদের কাছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ তথ্য, ওষুধের সঠিক ডোজ এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য পৌঁছে দিয়ে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা কোনোভাবেই ‘দালাল’ নন, বরং স্বাস্থ্যখাতের এক অপরিহার্য অংশ।
মানববন্ধন শেষে বাংলাদেশে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য নিরাপদ কর্মপরিবেশ এবং সম্মানজনক আচরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিটি নেত্রকোনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রেরণ করা হয়।
কেন্দুয়া ফারিয়ার সাধারণ সম্পাদক সুমন খান বলেন, “আমরা শিক্ষিত হয়েও কর্মক্ষেত্রে নিগ্রহের শিকার হচ্ছি। আমাদের পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন কেন্দুয়া ফারিয়ার সভাপতি সামছুল আলম, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি রিপন আকন্দ, সাংগঠনিক সম্পাদক মো. রাছেল ভুইয়া, ম্যানেজার ফোরামের আল মামুন খান, জাকির হোসেন এবং দপ্তর সম্পাদক হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।



