তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে পুলিশের অভিযানে ১৬ লাখ ৭২ হাজার ৬৫০ টাকা সমমূল্যের ভারতীয় ভোগ্যপণ্যের একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালের দিকে মৌলভীবাজারের শেরপুর চত্বরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল।
এসআই ওবায়দুল্লাহ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভারতীয় পণ্যসহ একটি ট্রাক আটক করা হয়। পুলিশ জানায়,জব্দ করা মালামালের মধ্যে ভারতীয় তৈরি ফুসকাসহ বিভিন্ন ভোগ্যপণ্য রয়েছে। জব্দকৃত পণ্য ও ট্রাকের আনুমানিক মূল্য ১৬ লাখ ৭২ হাজার ৬৫০ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- যশোরের কোতোয়ালি থানার বসুন্দিয়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মো. আমিনুর রহমান (৪০), একই এলাকার মো. সাহাব উদ্দিন হোসেনের ছেলে মো. সাগর হোসেন (২৪) এবং সিলেটের গোয়াইনঘাট থানার বিছনাকান্দি (ছড়ারপাড়) এলাকার শেখ সেলিম মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (২৮)।
এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় মামলা নং-২২, ১৩ সেপ্টেম্বর-২০২৬ দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত তিনজনকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম-এর নির্দেশনায় চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




