নিজস্ব প্রতিবেদক: সামাজিক অপরাধের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল এক যুবকের। পূর্বশত্রুতা এবং চুরি-ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদকে কেন্দ্র করে নেত্রকোনার কলমাকান্দায় দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বুকে টেঁটাবিদ্ধ হয়ে মো. সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন ওই গ্রামেরই বাসিন্দা আবদুল হাসিমের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খাতে সালেঙ্গা গ্রামে দুটি পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার রাতে সেই বিরোধ চূড়ান্ত সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্রের মহড়া ও হামলায় সাদ্দাম হোসেনের বুকে টেঁটা বিদ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে এবং আহত অন্যদের উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. এম এম এস মাটি পরীক্ষা-নিরীক্ষা শেষে সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত অপর তিন যুবক হলেন- একই গ্রামের হারিস মিয়ার ছেলে মো. দুরবীন মিয়া (৩৬), শফিকুলের ছেলে মো. আজহার (২২) এবং কাশেমের ছেলে মো. হাদিস (৩০)। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঠিক কী কারণে এই ভয়াবহ সংঘাত- এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার পরপরই প্রাথমিক প্রেক্ষাপট তুলে ধরেন।
নিহত যুবকের পরিবারের বরাত দিয়ে ওসি মো. সোহেল রানা জানান, “যাদের পক্ষের লোক মারা গেছে, তাদের অভিযোগ হলো- প্রতিপক্ষ এলাকার বিভিন্ন চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল। নিহত সাদ্দাম ও তার পক্ষের লোকজন এসব অপকর্মের তীব্র প্রতিবাদ করেছিলেন। মূলত এই প্রতিবাদের জের ধরেই প্রতিপক্ষের সঙ্গে তাদের বিরোধের সূত্রপাত হয় এবং শেষ পর্যন্ত এই হামলার ঘটনা ঘটে।”
ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থল খাতে সালেঙ্গা গ্রামের উদ্দেশে রওনা হয় বলে জানান ওসি। তিনি আরও বলেন, “আমরা ঘটনাস্থলে যাচ্ছি। আশপাশের মানুষের সঙ্গে কথা বলে এবং বিস্তারিত তদন্ত শেষে ঘটনার আরও সুস্পষ্ট চিত্র পাওয়া যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”
চুরি-ছিনতাইয়ের মতো সামাজিক ব্যাধির প্রতিবাদ করতে গিয়ে তরতাজা এক যুবকের এমন করুণ মৃত্যুতে খাতে সালেঙ্গা গ্রামজুড়ে এখন শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। এলাকার সাধারণ মানুষের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে কেউ ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে এভাবে প্রাণ না হারায়।




