শেখ শামীম: “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, তারা স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ অংশ”- এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় বিশাল প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১১টায় উপজেলা সদরের হাসপাতাল রোডের মনতলা এলাকায় এ কর্মসূচির আয়োজন করে কলমাকান্দা উপজেলা ‘ফারিয়া’ (বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন)।

সকাল ১১টা থেকে শুরু হওয়া এই মানববন্ধন চলে প্রায় ঘণ্টাব্যাপী। এতে উপজেলার বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ওষুধ কোম্পানিতে কর্মরত শতাধিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা তাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং হয়রানি বন্ধের দাবি জানান।

কলমাকান্দা উপজেলা ফারিয়ার সহ-সভাপতি মো. মমিনুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জুয়েল রানা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের দ্রুত বর্ধনশীল ওষুধ শিল্প এবং জনস্বাস্থ্য সচেতনতায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তারা চিকিৎসকদের কাছে আধুনিক ও জীবনরক্ষাকারী ওষুধের বৈজ্ঞানিক তথ্য পৌঁছে দেন, যা মূলত স্বাস্থ্যখাতেরই গুরুত্বপূর্ণ সমন্বয়। অথচ প্রায়শই তাদের ‘দালাল’ হিসেবে আখ্যায়িত করে সামাজিকভাবে অবমূল্যায়ন, হয়রানি ও অপমানজনক আচরণ করা হয়।

সাধারণ সম্পাদক আনিসুর রহমান তার বক্তব্যে বলেন, “সম্মানজনক একটি পেশাকে ছোট করে দেখার নেতিবাচক প্রবণতা সুস্থ সমাজের লক্ষণ নয়। আমরা চোর-ডাকাত নই, আমরা শিক্ষিত পেশাজীবী। আমাদের কাজের মাধ্যমেই দেশের ওষুধ শিল্প আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।”

মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। তাহলো- কর্মক্ষেত্রে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত মর্যাদা রক্ষায় রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি প্রদান ও হাসপাতাল ও ক্লিনিকগুলোতে কাজের জন্য হয়রানিমুক্ত পরিবেশ তৈরি করা।

সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রেজুয়ান মিয়া, উপদেষ্টা মো. রিপন মিয়া, দ্বীন ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, যদি ভবিষ্যতে এই পেশার মানুষের প্রতি সম্মানহানি বা কোনো প্রকার দুর্ব্যবহার করা হয়, তবে সারা দেশে কঠোর কর্মসূচি পালন করা হবে।

সবশেষে, স্বাস্থ্যখাতের মাঠ পর্যায়ের কর্মীদের সম্মান ও স্বীকৃতি দিতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে মানববন্ধন সমাপ্ত ঘোষণা করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version