সোমবার, সেপ্টেম্বর ১৪

শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালকে শিগগিরই ‘জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতাল’-এ রূপান্তর করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ববি হাজ্জাজ।

তিনি বলেন, ‘ইনস্টিটিউটে রূপান্তরিত হলে যক্ষ্মা রোগের উন্নত চিকিৎসার পাশাপাশি রোগ নির্ণয়, বিশেষায়িত গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ বহুলাংশে সম্প্রসারিত হবে। যক্ষ্মা নিয়ন্ত্রণে এটি আধুনিক ও সমন্বিত প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে।’

আজ সোমবার ঢাকার শ্যামলীতে টিবি হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

হাসপাতালের সেবার মান বাড়াতে নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, হাসপাতালে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের শূন্যপদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এছাড়া হাসপাতালের সক্ষমতা বাড়াতে ৫০০ শয্যাবিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করে রোগী ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

সভা শেষে প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও স্বজনদের সাথে কথা বলেন। হাসপাতালে আসা প্রতিটি রোগীর প্রতি মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, চিকিৎসা নিতে এসে কোনো রোগী যেন সামান্যতম ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও উপপরিচালক ডা. আয়শা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version