মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের খলিফা পট্টি (জাল পট্টি) এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যমানের অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে, খলিফা পট্টি এলাকার রকি মোল্লার বাসায় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরার জাল মজুত রাখা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদেরের নেতৃত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিক রহমানের উপস্থিতিতে ওই বাসায় তল্লাশি চালানো হয়। অভিযানে বাসার বিভিন্ন গোপন জায়গা থেকে আনুমানিক ২০ লক্ষ টাকা বাজারমূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন মূল অভিযুক্ত রকি মোল্লাকে বাসায় পাওয়া যায়নি। তবে অবৈধ জাল মজুত রাখার দায়ে রকি মোল্লার মা আসমা আক্তারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জব্দকৃত সকল জাল উপজেলা চত্বরে নিয়ে আসা হয়। সেখানে জনসম্মুখে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে নিষিদ্ধ জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের জানান, দেশীয় মাছ রক্ষায় এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী এসব অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের এ ধরনের কঠোর তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
মোহনগঞ্জ থানার পুলিশ সদস্যরা এই অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version