রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে বেপরোয়া ট্রাকের চাপায় আরোবী আক্তার (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার সরদারহাট এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত আরোবী সদর ইউনিয়নের কুঠিরডাঙ্গা এলাকার মো. আমিনুর রহমানের মেয়ে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়দের বর্ণনায় জানা যায়, প্রতিদিনের মতোই পড়াশোনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আরোবী। সরদারহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। ঢাকা মেট্রো-ট ১২-৬৮২৯ নম্বরের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পিষ্ট করে ফেলে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, “ট্রাকটি খুব দ্রুতগতিতে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মেয়েটিকে চাপা দেয়। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়।” দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। পরিবারের সদস্যরা জানান, আরোবী ছিল ভীষণ মেধাবী ও স্বপ্নবাজ। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী সরকার বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ বিষয়টি তদন্ত করছে। জড়িত ট্রাক ও চালককে শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয়দের অভিযোগ, সরদারহাট এলাকায় দীর্ঘদিন ধরেই বেপরোয়া যানবাহন চলাচল করছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর পদক্ষেপ না নিলে এমন দুর্ঘটনা আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
