দ্যা মেইল বিডি / খবর সবসময়

উৎসবমুখর পরিবেশে সিপিবি দুর্গাপুর শহর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দুর্গাপুর শহর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত এবং দলের আন্তর্জাতিক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর।

কাউন্সিল অধিবেশনে শহর শাখার সভাপতি শামছুল আলম খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোরশেদ আলম সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন। রাজনৈতিক প্রস্তাব, ঘোষণাপত্র এবং আগামী দিনের কর্মসূচি পাঠ করেন কমরেড আলকাছ উদ্দিন মীর সহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

সম্মেলনের আলোচনা পর্বে বক্তারা বলেন, সমাজতান্ত্রিক ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, শোষণমুক্ত বিশ্ব গঠন এবং বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন নিশ্চিত করা প্রয়োজন। তাঁরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, যুদ্ধবিরোধী আন্দোলন জোরদার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের নির্দিষ্ট তারিখ দ্রুত ঘোষণার দাবি তোলেন।

তারা আরও বলেন, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শ্রমিক শ্রেণির অধিকার, গণতান্ত্রিক আন্দোলন এবং সমাজতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে ধারাবাহিকভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। শাখা সম্মেলন উপলক্ষে তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে সর্বসম্মতিক্রমে শামছুল আলম খানকে সভাপতি, মোরশেদ আলমকে সাধারণ সম্পাদক এবং তাসলিমা বেগমকে সহকারী সাধারণ সম্পাদক করে সিপিবি দুর্গাপুর শহর শাখার নতুন কমিটি গঠন করা হয়।

Exit mobile version