নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামে অভিযান চালিয়ে ছয়শো পিস ইয়াবাসহ মো. খোকন মিয়া (৪০) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নেত্রকোনা জেলা কার্যালয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. খোকন মিয়া নেত্রকোনা সদর থানাধীন লক্ষীগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামের আব্দুল মালেক ও ললিতা বেগমের ছেলে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেন।
ডিএনসি সূত্র জানায়, গতকাল (বুধবার) রাত ৮টা থেকে ৯টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের একটি রেইডিং টিম হাসামপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় আসামি মো. খোকন মিয়ার দক্ষিণ দুয়ারী সেমিপাকা তিন কক্ষ বিশিষ্ট বসতঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তিনটি কালো রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে লুকানো অবস্থায় ছয়শো পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে দুইশো পিস করে ইয়াবা ছিল, যার ওজন ৬০ গ্রাম। অবৈধ এই মাদকদ্রব্যের বর্তমান বাজারমূল্য আনুমানিক দুই লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে ডিএনসি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসামির বিরুদ্ধে ডিএনসি নেত্রকোনার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা বাদী হয়ে নেত্রকোনা সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। বর্তমানে আসামিকে পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হক জানান, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার এবং ‘জিরো টলারেন্স’ নীতিতে অঙ্গীকারাবদ্ধ। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।”


