কে. এম. সাখাওয়াত হোসেন: অভিনব কায়দায় ১২ বস্তা ভারতীয় চিনি পাচারের সময় দুই তরুণকে আটক করেছে সেনাবাহিনী। ভারতীয় চিনি পরিবহন কাজে ব্যবহৃত দুটি ব্যাটারিচালিত অটোরিকশাও আটক করে সেনা সদস্যরা।
আটককৃতরা হলেন- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কৃষ্ণচর গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. সোহাগ (২৫) এবং আরেকজন একই জেলার পূর্বধলা উপজেলার বয়রাকান্দা গ্রামের মো. আব্দুল বারেকে ছেলে মো. রাসেল (২৪)।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলের দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান মেজর নাজমুজ সাকিব। তিনি ৮ম ইস্টবেঙ্গল রেজিমেন্টের কোম্পানী কমান্ডার এবং নেত্রকোনা সেনা ক্যাম্পের দায়িত্বরত সেনা কর্মকর্তা।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার কিছু পূর্বে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার শিমুলতলী এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করে। ক্যাপ্টেন সাজিদ বিন রওশনের নেতৃত্বে সেনা দলটি ১২ বস্তা অবৈধপথে আসা ভারতীয় চিনিসহ দুটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে। অবৈধ ভারতীয় পণ্য অটোরিকশার সিটের নিচে লুকিয়ে ও ছাদে উপরে ঢেকে অভিনব কায়দায় পরিবহন করতেছিল।
তিনি আরও জানান, এ সময় সোহাগ ও রাসেল নাম দুজকে আটক করতে সক্ষম হয় সেনা টহল দলটি। দুপুর সোয়া ১টার কিছুক্ষণ পরে আটককৃত দুজনকে চিনিসহ ঘটনাস্থলেই পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।



