নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবসের মাসকে বরণ করে নিতে এবার প্রচলিত আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে ব্যতিক্রমী ও প্রাণবন্ত পথে হাঁটছে নেত্রকোনা। হেমন্তের শেষ প্রহরে শীতের হিমেল হাওয়া আর কুয়াশাচ্ছন্ন ভোরে যখন নতুন সূর্য উঁকি দেবে, তখন মুক্তিযুদ্ধের চেতনা ও সুস্থ জীবনের বার্তা নিয়ে শহরের রাজপথে একসঙ্গে ছুটবে সব বয়সী মানুষ। নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বিজয়ের মাসের প্রথম দিন আগামী পহেলা ডিসেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিজয় ম্যারাথন-২০২৬’। ওই দিন ভোর ৬টায় শহরের বিডিআর গেট থেকে শুরু হবে আনন্দের দৌড়, যা শেষ হবে নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম গেটে গিয়ে।
আয়োজনটিকে ঘিরে ইতোমধ্যেই শহরের ক্রীড়াঙ্গন, তরুণ সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ও কৌতূহল তৈরি হয়েছে। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে শহরের অলিগলিতে মাইকিংয়ের মাধ্যমে চলছে প্রচারণা, যা সোমবারও (৩০ নভেম্বর) অব্যাহত থাকবে।
নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হেদায়েত উল্লাহ রুমিন জানান, শহরের বিভিন্ন শরীরচর্চা কেন্দ্রেও যোগাযোগ করা হয়েছে এবং সেখানকার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ম্যারাথনে অংশ নেওয়ার আশ্বাস দিয়েছেন। পহেলা ডিসেম্বর সকাল ৬টায় বিডিআর গেট থেকে দৌড় শুরু হয়ে নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম গেটে সমাপ্ত হবে এবং সমাপনী শেষে সেখানে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এ অঞ্চলের খেলাধুলা ও ক্রীড়া আয়োজনে সর্বোচ্চ সময় দিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আলআমিনও।
নগরবাসীর স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসকে সুশৃঙ্খল ও সার্থক রূপ দিতে রবিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক প্রস্তুতিমূলক সভা। সভায় প্রশাসন, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি আয়োজনটিকে ঘিরে এক সর্বজনীন ঐক্যের আবহ তৈরি করে।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা মো. মান্নান তালুকদার, পুলিশ বিভাগ, আনসার ও স্কাউটের প্রতিনিধি, বিভিন্ন সরকারি অধিদপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচকেরা ‘বিজয় ম্যারাথন’কে নেত্রকোনায় বিজয় দিবসের কর্মসূচিতে নতুন ও প্রশংসনীয় সংযোজন হিসেবে অভিহিত করে নেত্রকোনাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসককে আন্তরিক ধন্যবাদ জানান।
বিজয়ের চেতনাকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের দৈনন্দিন আনন্দ ও স্বাস্থ্য সচেতনতার সঙ্গে যুক্ত করার ভাবনা থেকেই এমন পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন।
সভার শুরুতে আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান জানান, মহান বিজয় দিবসকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলতে জেলা প্রশাসকের উদ্যোগে বিজয়ের মাসের প্রথম দিনেই ম্যারাথনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সমাজের সর্বস্তরের মানুষকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা এবং সবার মূল্যবান মতামতের ভিত্তিতে অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীণ সুন্দর করাই এই প্রস্তুতি সভার মূল লক্ষ্য।
সভাপতির বক্তব্যে নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান বিজয়ের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আন্তরিক প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “আমাদের মহান মুক্তিযুদ্ধের বিজয় একটি বিশেষ উপলক্ষ, আর এই বিজয় সবার জন্য। বিজয় যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে এবং বিজয়ের মাসটা যেন উৎসবমুখর পরিবেশে শুরু হয়, সেই প্রত্যাশা নিয়েই আমাদের আয়োজন।”
পরিসর ছোট হলেও সবার সম্মিলিত অংশগ্রহণে আয়োজনটি অত্যন্ত প্রাণবন্ত ও সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে পহেলা ডিসেম্বর ভোর ৬টায় বিডিআর গেটে সবার সঙ্গে মিলিত হওয়ার আহ্বান জানিয়ে সবার সুস্থতা ও নিরাপত্তা কামনা করেন জেলা প্রশাসক।
আয়োজনটি নির্বিঘ্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে মাঠপর্যায়েও নেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রস্তুতি। সুস্থ ও প্রাণবন্ত সমাজ গঠনে এমন উদ্যোগের গুরুত্ব তুলে ধরে নেত্রকোনা স্থানীয় সরকারের উপপরিচালক ও নেত্রকোনা পৌরসভার পৌর প্রশাসক এ.কে.এম. আব্দুল্লাহ বিন রশিদ স্বাস্থ্য সচেতনতামূলক ব্যতিক্রমী আয়োজনের জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানান। তিনি বলেন, পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানানো হচ্ছে এবং ম্যারাথন চলাকালে পানি সরবরাহসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি ও সহযোগিতা পৌরসভা নিশ্চিত করবে।
মুক্তিযুদ্ধের চেতনা, সুস্থ জীবনযাপনের অঙ্গীকার আর নাগরিক সৌহার্দ্যের মেলবন্ধনে পহেলা ডিসেম্বরের শীতের সকালটি নেত্রকোনাবাসীর জন্য হয়ে উঠবে এক স্মরণীয় প্রাতঃরাগ- এমনটাই প্রত্যাশা শহরজুড়ে।


