রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
শীতের হিমেল রাতে অসহায়, ছিন্নমূল ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবির। গভীর রাতে ঘুমিয়ে থাকা শীতার্ত মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দিয়ে তাদের উষ্ণতার ব্যবস্থা করেন তিনি।
গতকাল শনিবার(২৮ নভেম্বর) রাতে নীলফামারী শহরের বিভিন্ন স্থানে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অসহায় ও ছিন্নমূল মানুষের কাছে গিয়ে তাদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক।
শীতের রাতে এমন উদ্যোগে প্রশাসনের মানবিক ভূমিকার প্রতিফলন ঘটেছে। শুধু দাপ্তরিক দায়িত্ব পালন নয়, সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোও যে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব—এ কার্যক্রমের মধ্য দিয়ে সেই বার্তাই দিয়েছেন জেলা প্রশাসক।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


