নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাতাসে এখন পোড়া গন্ধ আর সাধারণ মানুষের চোখেমুখে অজানা আতঙ্ক। হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন দুজন- একজন ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে ক্ষতবিক্ষত হয়ে ঢাকায়, অন্যজন আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন। গত ২৮ নভেম্বর রাতের আড়াই ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া পাল্টাপাল্টি সহিংসতায় লণ্ডভণ্ড হয়ে গেছে সাবেক সংসদ সদস্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অন্তত ১০ নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। থমথমে এই পরিস্থিতিতে গোটা উপজেলা জুড়ে বিরাজ করছে চাপা উদ্বেগ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত ২৮ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে। ওই সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে প্রায় ২০টি মোটরসাইকেলের একটি বহর জালশুকা রেলক্রসিং এলাকা থেকে বের হয়। বহরটি বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী ও সরিস্তলা এলাকা ঘুরে বাদেপুটিকা বাজারে গিয়ে পৌঁছায়।
রাত সাড়ে ৭টার দিকে বাদেপুটিকা বাজারে পৌঁছে মোটরসাইকেল বহরে থাকা নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। মুহূর্তেই সেই উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। হামলাকারীরা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু বকর রানাকে ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন রানাকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে ময়মনসিংহেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
যুবদল নেতা আবু বকর রানার ওপর হামলার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই উপজেলার বিভিন্ন প্রান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রাত ১০টার দিকে তারা একত্র হয়ে পাল্টা হামলা চালান বলে অভিযোগ ওঠে।
প্রথমে বিশকাকুনী ইউনিয়নের বড়রুহি এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপরই সহিংসতার আগুন ছড়িয়ে পড়ে উপজেলার অন্যান্য এলাকায়। হামলাকারীরা ধলা যাত্রাবাড়ী গ্রামে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করেন। একই সময়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয় আহমদ হোসেনের বড় ভাই আমজাদ হোসেনের বাড়িও, যিনি ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেনের বাবা।
রাতের আঁধারে পর্যায়ক্রমে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালানো হয় উপজেলার আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা ও বিশিষ্ট ব্যক্তির বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে। ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছেন- উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভর বাড়ি ও পুটিকা বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল বাশার খানের বাড়ি এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী আমানুর রশিদ খান জুয়েলের বাড়ি।
এ ছাড়া হামলা ও অগ্নিসংযোগের হাত থেকে রেহাই পায়নি স্বাধীনতা চিকিৎসক পরিষদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. ওয়াহিদুর রহমান ছোটনের বাড়ি, উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালুর বাড়ি, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফয়জুর রহমান ঝন্টুর বাড়ি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিমের বাড়ি এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনের বাড়ি। সব মিলিয়ে অন্তত ১০টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব চালানো হয়।
রাতের ধ্বংসযজ্ঞের মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক ও উদ্বেগজনক ঘটনাটি ঘটে অগ্নিসংযোগ চলাকালে ঘরের ভেতরে মানুষ আটকা পড়ায়। আগুন লাগার সময় সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের ভাতিজা ও ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেনের সহোদর ভাই সাখাওয়াত হোসেন শাকু ঘরের ভেতরের বাথরুমে আটকা পড়ে যান। চারদিকে আগুনের তীব্রতা ও ধোঁয়ায় তিনি বাইরে বের হতে না পেরে ভেতরেই দগ্ধ হন। পরে এলাকাবাসী তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠান।
একদিকে কুপিয়ে জখম করা যুবদল নেতাকে ঢাকায় স্থানান্তর, অন্যদিকে অগ্নিদগ্ধ হয়ে আরেকজনের হাসপাতালে ভর্তি- দুই পক্ষের এমন রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক ঘটনার পর থেকে পূর্বধলার সাধারণ মানুষের মধ্যে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাজারঘাট ও পাড়া-মহল্লায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রাতে বলেন, “যুবদল নেতার ওপর অতর্কিত হামলার কারণে এ ঘটনাগুলো ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।”


