যশোর প্রতিনিধিঃ
যশোরে গার্মেন্টস শ্রমিকদের জন্য ঘোষিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণ, সন্ত্রাস-নৈরাজ্য বন্ধ এবং পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় শহরের ১ নম্বর উকিল বারের সামনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোর জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোর জেলার সমন্বয়ক, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমানের সভাপতিত্বে ও সিপিবি যশোর জেলার অন্যতম নেতা মহিবুল্লাহ মহিবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাসদ যশোর জেলার সদস্যসচিব হাচিনুর রহমান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মিজানুর রহমান এবং সিপিবি যশোর জেলার অন্যতম নেতা আব্দুর রহিম প্রমুখ। সমাবেশে বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার দাবি জানান।
বক্তারা বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গার্মেন্টস শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তাঁরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন ৩৮ হাজার টাকা উল্লেখ করে তাঁরা বলেন, গার্মেন্টস শ্রমিকেরা ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি দাবি করেছেন।
কিন্তু তাঁদের দাবি উপেক্ষা করে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে। এ মজুরি শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য নয়। বক্তারা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে অবিলম্বে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানান। সমাবেশ থেকে শ্রমিকদের ওপর পুলিশি হামলা বন্ধ এবং শ্রমিক হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, কোনো বিকল্প ব্যবস্থা বা পুনর্বাসন ছাড়াই শহরের ক্ষুদ্র হকারদের উচ্ছেদ করা হচ্ছে। এতে তাঁদের জীবিকা সংকটে পড়ছে। পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধের দাবি জানান তাঁরা। একই সঙ্গে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।


