শিরোনাম : নারায়ণগঞ্জের সাত খুনের পেছনে ৬ কোটি টাকার লেনদেন! আপিল শুনানিতে আলোচনায় জিয়াউল আহসানের নাম
নিজস্ব প্রতিবেদক | The Mail BD
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। বুধবার (২৫ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। প্রথম দিনের শুনানি শেষে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, মামলার তদন্ত ও নথিপত্রে হত্যাকাণ্ডের পেছনে ৫ থেকে ৬ কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য উঠে এসেছে। এ ছাড়া একটি ফ্ল্যাট এবং কয়লার ব্যবসার বিষয়ও আলোচনায় এসেছে।
শুনানিতে আলোচনায় আসে সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের নাম। রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী, মামলার প্রধান আসামি র্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার কথা উল্লেখ রয়েছে। তবে জিয়াউল আহসান এই সাত খুন মামলার আসামি নন।
রাষ্ট্রপক্ষের দাবি, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষ্যপ্রমাণ এবং অন্যান্য নথিতে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের বিভিন্ন তথ্য উঠে এসেছে। এসব যুক্তি তুলে ধরে হাইকোর্টের দেওয়া সাজা বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে রাষ্ট্রপক্ষ।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের তৎকালীন কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের আদালত ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন। পরে হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল ও অন্যান্য আবেদন বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। আগামীকালও শুনানি অব্যাহত থাকার কথা।


