মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেতো। প্রতিযোগিতার ৭৫তম আসরের চূড়ান্ত পর্বে শেষ দুই প্রশ্নের উত্তর এবং সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে বিজয়ী নির্বাচিত হন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত হয় এবারের জমকালো আয়োজন। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) ভোর ৬টায় শুরু হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এতে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগিতার শুরুতে ঘোষণা করা হয় সেরা ৩০ প্রতিযোগীর নাম। এরপর সুইমস্যুট ও ইভনিং গাউন পর্ব পেরিয়ে সেরা পাঁচে জায়গা করে নেন ফিলিপাইনের বিট্রিস মিলান উইন্ডরস্কি, নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ, ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ এবং পুয়ের্তো রিকোর জেনিফার বারেতো।
চূড়ান্ত পর্বে বিচারকদের পক্ষ থেকে প্রত্যেক প্রতিযোগীকে দুটি করে প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্নটি ছিল প্রত্যেকের জন্য আলাদা। দ্বিতীয় প্রশ্নটি ছিল সবার জন্য একই—বর্তমান বিশ্বে নেতাদের কাছ থেকে মানুষের সবচেয়ে বেশি কী প্রত্যাশা করা উচিত?
জেনিফার বারেতো তাঁর উত্তরে নেতৃত্বের ক্ষেত্রে মানুষের মূল্যবোধ, দায়িত্বশীলতা এবং সমাজের মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার কথা বলেন। তাঁর মতে, একজন নেতার উচিত মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের প্রয়োজন অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেওয়া। এর মাধ্যমেই দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান ব্যবহারের মধ্যেও মানুষের কোন মূল্যবোধটি হারানো উচিত নয়—এমন প্রশ্নের উত্তরে তিনি প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং মানুষের নিজস্ব মূল্যবোধ ধরে রাখার ওপর গুরুত্ব দেন।
সবশেষে বিচারকদের মূল্যায়নে মিস ইউনিভার্স ২০২৬-এর বিজয়ী ঘোষণা করা হয় জেনিফার বারেতোকে। তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন বিদায়ী মিস ইউনিভার্স ২০২৫ মেক্সিকোর ফাতিমা বোশ।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন অভিনেত্রী সামিরা খান মাহি। তবে চূড়ান্ত পর্বের সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিতে পারেননি তিনি।


