বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু শরণার্থীদের পুনর্বাসনে জমি ও পাকা বাড়ি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ উদ্যোগ বাস্তবায়নে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের আদলে আগামী রাজ্য বাজেটে নতুন প্রকল্প চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে শরণার্থীদের নাগরিকত্ব, নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) অনুযায়ী সনদ এবং সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সম্প্রতি একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে শুভেন্দু অধিকারী এসব পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে বাংলাদেশে সমস্যার মুখে পড়ে যারা ভারতে আসছেন, তাদের পাশে দাঁড়াবে রাজ্য সরকার। তাদের পুনর্বাসনের পাশাপাশি নাগরিকত্ব ও সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
মুখ্যমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী, শরণার্থীদের বসবাসের জন্য জমি বরাদ্দের পাশাপাশি পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থাও করা হবে। এ লক্ষ্যে আগামী রাজ্য বাজেটে বিশেষ প্রকল্প অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে প্রকল্পটির বিস্তারিত বাস্তবায়ন প্রক্রিয়া ও সুবিধাভোগী নির্বাচনের শর্ত এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থীদের পুনর্বাসনে জমি ও বাড়ি দেওয়ার উদ্যোগ নিয়েছিল। এবার পশ্চিমবঙ্গেও একই ধরনের কর্মসূচি চালুর পরিকল্পনার কথা জানালেন শুভেন্দু অধিকারী।
এদিকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। মঙ্গলবার কলকাতা ও আশপাশের বিভিন্ন এলাকায় এ নিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সল্টলেকের করুণাময়ীতে হিন্দু সনাতন ঐক্য মঞ্চের উদ্যোগে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি সংহতি জানিয়ে কর্মসূচি পালন করা হয়।
এর আগে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগের প্রতিবাদে দলীয় নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান জানান।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর মধ্যেও পাল্টাপাল্টি বক্তব্য দেখা দিয়েছে। রাজ্য বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা ও হত্যার অভিযোগের বিষয়ে বামপন্থীরা যথেষ্ট সোচ্চার নন। তবে সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশের সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
অন্যদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, বিশ্বের যেকোনো স্থানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা মৌলিক মানবাধিকারের অংশ।
এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে আসা ব্যক্তিদের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা বাড়ানোর বিষয়টিও আলোচনায় রয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনার কথা আগে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনা করবে। তবে সময়সীমা বাড়াতে হলে বিদ্যমান আইনে সংশোধন প্রয়োজন হবে। এজন্য দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।


