একাধিক সিনেমা বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পাওয়ায় নিজের অভিনয়জীবন নিয়ে নতুন করে ভাবছেন হলিউড তারকা জেনিফার লোপেজ। সাম্প্রতিক সময়ে কয়েকটি সিনেমার ব্যর্থতা তাঁর আত্মবিশ্বাসে প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে অভিনয় থেকে সরে দাঁড়ানোর কথাও বিবেচনা করছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
ব্রিটিশ সাময়িকী ‘হিট’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কয়েকটি সিনেমা দর্শকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে উদ্বিগ্ন জেনিফার। এ বিষয়ে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেও আলোচনা করেছেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছরে তাঁর অভিনীত বেশ কয়েকটি সিনেমা ব্যবসায়িকভাবে প্রত্যাশিত সাফল্য পায়নি। ফলে আবারও কীভাবে বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করবেন, তা নিয়ে সংশয়ে রয়েছেন এই তারকা।
জেনিফার লোপেজের ব্যর্থ সিনেমার তালিকায় রয়েছে ‘দিস ইজ মি…নাউ: আ লাভ স্টোরি’ এবং নেটফ্লিক্সের সায়েন্স ফিকশন সিনেমা ‘অ্যাটলাস’। দুটি সিনেমাই সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল।
তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে ‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’ সিনেমা থেকে। জেনিফারের সাবেক স্বামী বেন অ্যাফ্লেক প্রযোজিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ থাকলেও মুক্তির পর বক্স অফিসে আশানুরূপ সাড়া পায়নি। প্রায় ৩ কোটি ডলার বাজেটে নির্মিত সিনেমাটি আয় করেছে মাত্র ১৮ লাখ ডলার।
পরপর কয়েকটি সিনেমা ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ায় হলিউডে নিজের অবস্থান নিয়েও চিন্তিত জেনিফার। প্রতিবেদনে বলা হয়েছে, বক্স অফিসে ধারাবাহিক ব্যর্থতার কারণে কেউ কেউ তাঁকে ‘বক্স অফিস অভিশাপ’ হিসেবে বিবেচনা করতে পারেন—এমন আশঙ্কাও রয়েছে তাঁর।
এ ছাড়া ভবিষ্যতে অন্য অভিনয়শিল্পী ও নির্মাতারা তাঁর সঙ্গে কাজ করতে আগ্রহ হারাতে পারেন বলেও উদ্বিগ্ন এই অভিনেত্রী। তবে অভিনয় থেকে সরে দাঁড়ানোর বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তিনি।
অন্যদিকে, সিনেমায় প্রত্যাশিত সাফল্য না পেলেও সংগীতজগতে সক্রিয় রয়েছেন জেনিফার লোপেজ। সাম্প্রতিক সময়ে ডেভিড গুয়েতার সঙ্গে তাঁর যৌথ গান ‘সেভ মি টুনাইট’ সংগীতাঙ্গনে আলোচনায় এসেছে। ফলে অভিনয়জীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সংগীতের মাধ্যমে নিজের জনপ্রিয়তা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই মার্কিন তারকা।


