১৬ বছর বা তার কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় নীতিমালা তৈরির জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন। রুলে ১৬ বছর বা তার কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
নীতিমালা প্রণয়নের জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন আদালত।
এ নির্দেশ বাস্তবায়নের জন্য ডাক ও টেলিযোগাযোগ সচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে বলা হয়েছে।
রিট আবেদনে শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যম ও অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের নেতিবাচক প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়। আবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় ডিজিটাল ডিভাইস ব্যবহারের কারণে শিশুদের মধ্যে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে একাকিত্ব, হতাশা এবং স্বাভাবিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
আদালতের আদেশে সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সম্ভাব্য নেতিবাচক প্রভাব থেকে তাদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে এ নির্দেশ দেওয়া হয়েছে।


