যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগার ২০৩২ সালের মধ্যে বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন শহরটির মেয়র জোহরান মামদানি। দীর্ঘদিন ধরে সহিংসতা, বন্দিদের প্রতি নির্যাতন, অতিরিক্ত বন্দি, অস্বাস্থ্যকর পরিবেশ এবং কারা কর্মকর্তাদের সংকটের কারণে সমালোচিত হয়ে আসছে কারাগারটি।
শুক্রবার (২০ নভেম্বর) এক ঘোষণায় মেয়র মামদানি জানান, রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পাশাপাশি নিউইয়র্কের চারটি এলাকায় নতুন ও আধুনিক কারাগার নির্মাণ করা হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে ব্রুকলিনে প্রথম কারাগার চালু করা হবে। এরপর ২০৩১ সালের মধ্যে ব্রঙ্কস ও কুইন্সে দুটি এবং ২০৩২ সালের মধ্যে ম্যানহাটনে আরও একটি কারাগার চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মেয়র মামদানির পরিকল্পনা অনুযায়ী, নতুন কারাগারগুলোতে মোট প্রায় ৪ হাজার ৫০০টি শয্যা থাকবে। বর্তমানে নিউইয়র্কের কারাগারগুলোতে প্রায় ৬ হাজার ৬০০ জন বন্দি রয়েছেন। এই সংখ্যা ২০২৯ সালের মধ্যে ৫ হাজার ৫০০ এবং ২০৩২ সালের মধ্যে ৪ হাজার ১০০-তে নামিয়ে আনার পরিকল্পনা করেছে নগর প্রশাসন।
বন্দির সংখ্যা কমাতে বিচারাধীন ব্যক্তিদের কারাগারে রাখার বিকল্প ব্যবস্থা, দ্রুত বিচার নিশ্চিত করা এবং জামিন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আদালত ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়াতে একটি টাস্কফোর্স গঠনের পরিকল্পনাও রয়েছে।
নতুন কারাগারগুলোতে বন্দিদের জন্য পর্যাপ্ত দিনের আলো, বিশুদ্ধ বাতাস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার কথা জানিয়েছে মেয়রের কার্যালয়। পাশাপাশি কারাগারগুলো আদালত ও গণপরিবহনের কাছাকাছি নির্মাণ করা হবে, যাতে বন্দিদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ এবং আইনগত সহায়তা পাওয়ার প্রক্রিয়া সহজ হয়।
এ ছাড়া বন্দিদের মানসিক স্বাস্থ্যসেবা, মাদকাসক্তির চিকিৎসা, কারিগরি ও শিক্ষামূলক প্রশিক্ষণ এবং পুনর্বাসন কার্যক্রম সম্প্রসারণে আগামী অর্থবছরে ১৪ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
তবে নতুন পরিকল্পনা নিয়ে আপত্তি জানিয়েছে নিউইয়র্কের কারা কর্মকর্তাদের ইউনিয়ন। তাদের মতে, বন্দির সংখ্যা কমানোর লক্ষ্য বাস্তবসম্মত নয় এবং এটি শহরের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। অন্যদিকে, মেয়রের প্রশাসন মনে করছে, বিকল্প কর্মসূচি ও বিচারব্যবস্থার সংস্কারের মাধ্যমে বন্দির সংখ্যা কমানো সম্ভব।
উল্লেখ্য, ২০১৯ সালে নিউইয়র্ক সিটি কাউন্সিলের আইনে ২০২৭ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে নতুন পরিকল্পনা অনুযায়ী, সেই সময়সীমা বাড়িয়ে ২০৩২ সাল পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ জন্য নিউইয়র্ক সিটি কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে।


