কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে দলটির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানান। সংগঠনটির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বিবৃতির বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
বিবৃতিতে হেফাজতের শীর্ষ দুই নেতা বলেন, আওয়ামী লীগের বিষয়ে ভুক্তভোগী, শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের আকাঙ্ক্ষার বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই। তাদের মতে, জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে সংঘটিত ঘটনার বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।
নেতারা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও অতীতের বিভিন্ন ঘটনার কারণে দলটির রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। তাদের দাবি, আওয়ামী সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ নির্মূল করা না হলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অরক্ষিত থেকে যাবে।
বিবৃতিতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে বলা হয়, ওই সময়ের ঘটনার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ ভারতে অবস্থান করছে। হেফাজতের নেতারা অভিযোগ করেন, ভারতের মদদে দলটির পরাজিত শক্তি আবারও বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ সময় তারা দেশজুড়ে জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও তুলে ধরেন।
এ ছাড়া বিবৃতিতে পিলখানা, শাপলা চত্বর, জুলাই গণঅভ্যুত্থান ও মোদিবিরোধী আন্দোলনে নিহত এবং আহত ব্যক্তিদের ন্যায়বিচারের বিষয়টি উল্লেখ করা হয়। নেতারা বলেন, এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও আহত ব্যক্তিরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।
হেফাজতের নেতারা আরও অভিযোগ করেন, বিভিন্ন টকশো ও অনলাইন প্ল্যাটফর্মে যারা আওয়ামী লীগ ও আধিপত্যবাদের পক্ষে বক্তব্য দিচ্ছেন, তাদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের দাবি, ভুক্তভোগীদের ন্যায়বিচারের বিষয়টি উপেক্ষা করে রাজনৈতিক অবস্থান নেওয়া গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে আওয়ামী লীগের অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে ১৯৯৬ সালে ক্ষমতায় ফেরার প্রসঙ্গও তুলে ধরেন নেতারা। তাদের দাবি, অতীতে রাজনৈতিকভাবে ফিরে আসার সুযোগ পেয়েও দলটি নিজেদের অবস্থানের পরিবর্তন ঘটাতে পারেনি।
সবশেষে হেফাজতে ইসলামের নেতারা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে গণহত্যার দায়ে দলটিকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী ও শহীদ পরিবারের সদস্যদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।


