কেন্দুয়া প্রতিনিধি: একটি জাতির নৈতিক ও শিক্ষার প্রাথমিক ভিত্তি যারা নীরবে গড়ে তোলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে তাদের অবস্থান বরাবরই শ্রদ্ধার। কিন্তু মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) শিক্ষকদের বাস্তবতা যেন সেই চিরচেনা শ্রদ্ধাবোধের চেয়ে কিছুটা ভিন্ন। দীর্ঘদিন ধরে সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিলেও প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের ঘিরে ধরে কর্মসংস্থানের অনিশ্চয়তা। আর অনিশ্চয়তার বৃত্ত ভেঙে স্থায়ী কাঠামো ও ন্যায্য মর্যাদা প্রতিষ্ঠার দাবি এবার জোরালো হয়ে উঠল নেত্রকোনায়।
‘প্রকল্প নয়, স্থায়ী সমাধান চাই। অনিশ্চয়তা নয়, চাকরির নিরাপত্তা চাই। অবহেলা নয়, শিক্ষকের ন্যায্য মর্যাদা চাই’- এই তিন দফা হৃদয়স্পর্শী দাবিকে সামনে রেখে শনিবার (২১ নভেম্বর) নেত্রকোনায় পালিত হয়েছে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুধু উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং তা পরিণত হয়েছিল শিক্ষকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত বঞ্চনা, পেশাগত নিরাপত্তাহীনতা ও অধিকার আদায়ের এক সম্মিলিত উচ্চারণে।
এদিন দুপুরে জেলা শহরের হোসেনপুর মডেল মসজিদ প্রাঙ্গণে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশন, নেত্রকোনা জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমে র্যালি বের করা হয়। র্যালি শেষে মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের নেত্রকোনা জেলা কমিটির সহসভাপতি মাওলানা ইখলাস উদ্দিন। জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হাসানের প্রাণবন্ত সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম মিশু।
সভায় শিক্ষকদের বর্তমান বাস্তবতা ও ন্যায্য প্রত্যাশার কথা তুলে ধরে আরও বক্তব্য দেন জেলা কমিটির নেতা রোকেয়া আক্তার, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা মাসুদ হোসাইন ও আবুল কাশেম আকন্দ।
বক্তাদের কণ্ঠে উঠে আসে দীর্ঘদিন দায়িত্ব পালনের পরও পেশাগত স্বীকৃতি না পাওয়ার আক্ষেপ। তারা বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষকেরা দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অথচ এত দীর্ঘ পথচলার পরও তাদের চাকরির ভবিষ্যৎ ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। প্রকল্পের মেয়াদ ফুরিয়ে এলেই কর্মসংস্থান নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়তে হয় তাদের।
বক্তারা আরও উল্লেখ করেন, শিক্ষকদের যৌক্তিক দাবিকে উপেক্ষা করে প্রকল্পের পর প্রকল্প চালিয়ে গেলে সংকটের কোনো স্থায়ী সমাধান আসবে না। বরং প্রকল্প নির্ভর অস্থায়ী ব্যবস্থার পরিবর্তে শিক্ষকদের কর্মসংস্থানের নিশ্চয়তা বিধান এবং স্থায়ী কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি। বিদ্যমান পরিস্থিতির অবসানে শিক্ষকদের চাকরির স্থায়ী নিরাপত্তা, ন্যায্য মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর ও জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
সবশেষে শিক্ষকদের পেশাগত কল্যাণ ও সবার মঙ্গল কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা লুৎফুর রহমান। আর প্রার্থনার মধ্য দিয়েই শেষ হয় স্থায়ী সমাধান ও মর্যাদার প্রত্যাশায় আয়োজিত মউশিক শিক্ষকদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি।


