গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলায় কুড়িগ্রাম থেকে অভিনব কায়দায় মোটরসাইকেলের জ্বালানি ট্যাংকের ভেতর লুকিয়ে মাদক ডেলিভারি দিতে আসার সময় দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
১৫ নভেম্বর রাতে গাইবান্ধা সদর থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুখ শান্তির মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম পলাশবাড়ী থেকে গাইবান্ধাগামী মহাসড়কের উত্তর পাশে সুখ শান্তির মোড় সংলগ্ন মাসুদের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান নেয়।
এ সময় কুড়িগ্রাম থেকে গাইবান্ধাগামী একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়।চালক ও আরোহীর আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ নিবিড় তল্লাশি চালায়। একপর্যায়ে গাড়িটির মূল জ্বালানি ট্যাংকের (অয়েল ট্যাংক) ভেতরে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বারের সন্ধান পাওয়া যায়।
সেখান থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ মাদক গাঁজা উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন:কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পূর্বফুলমতি গ্রামের বাসিন্দা সুজন মিয়া (২৬)। মামলার তদন্তের স্বার্থে অপর আরোহীর নাম প্রকাশ করেনি পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।


